জেলা প্রশাসক জানান, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় এবং জরুরি সুরক্ষার প্রয়োজনে গত ১১ এপ্রিল গণবিজ্ঞপ্তির মাধ্যমে গাজীপুর জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়। কিন্তু কিছু লোক এই নির্দেশ উপেক্ষা করে অহেতুক ঘোরাফেরা করছে। এভাবে ঘোরাফেরা বন্ধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলা, মহানগরের টঙ্গীর বিসিক, চেরাগআলী, হাড়িনাল, সাইনবোর্ড ও বোর্ডবাজার এলাকায় অভিযান চালান একাধিক ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনাকালে ১৮ জনের বিরুদ্ধে ২০১৮ সালের সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে মামলা এবং ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা, গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার হাফিজা জেসমিন, গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামসুল আরেফীন, কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী, কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলিমা রায়হান ও তানভীর ফরহাদ শামীম। অভিযানের সময় পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করেন।