রোজা রেখে কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

1

রোজা রেখে দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। রবিবার (২৬ এপ্রিল) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুনের উদ্যোগে উপজেলার সুদামপাড়ার বর্গাচাষী মানিক রাজবংশী নামের এক দরিদ্র কৃষকের ২৫ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়।
জানা যায়, উপজেলার সুদামপাড়ার কৃষক মানিক রাজবংশী অভাবের কারণে গোলায় ধান তুলতে পারছিলেন না। বিষয়টি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুনের নজরে আসে। তিনি তার নেতাকর্মীদের নিয়ে ওই কৃষকের ধান কেটে মাড়াই করে দেন।
বাবর আল মামুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে দেশের অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগ। এই কর্মসূচি অব্যাহত থাকবে। ওই কৃষকের ফসল কাটা ও মাড়াইয়ের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোরহাব হাসান, আব্দুল আলীম, নজরুল ইসলাম প্রমুখ।

কৃষক মানিক রাজবংশী আনন্দ প্রকাশ করে বলেন, এমনিতেই করোনাভাইরাসের কারণে ঘরে আটকা পড়ে আছি। কোনও কাজ করতে পারছি না। ধান কেটে ঘরে তোলার মতো টাকাও ছিল না আমার কাছে। তারা বিষয়টি শুনে ধান কেটে মাড়াই করে দিয়েছেন।