প্রতিবন্ধী শিশু রাকিব শেখকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপতালে নেওয়া হচ্ছেবাঁশবাগানে ফেলে যাওয়া রাকিব শেখ (১৪) নামে এক অসুস্থ প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করেছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার চাপ্তা খেলার মাঠ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ইউএনও ওই কিশোরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামের ফল ব্যবসায়ী কাওসার শেখের ছেলে। এই কিশোরকে করোনা আক্রান্ত সন্দেহে স্বজনরা ফেলে যেতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।
প্রতিবন্ধী শিশু রাকিব শেখইউএনও সাব্বির আহমেদ বলেন, ‘স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে মুঠোফোনে জানতে পারি চাপ্তা এলাকায় একটি বাঁশবাগানে কে বা কারা একটি ছেলেকে ফেলে গেছে। জানার পর সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদারের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া কিশোরের দেহে করোনা আছে কি-না, তা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শেষে তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই কিশোরকে ফেলে যাওয়ার কারণ এখনও জানা যায়নি।’