শনিবার (১৮ জুলাই) গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্কুলের ছাত্র-ছাত্রীরা জানায়, বেলা ১১টার দিকে স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বিশ্বাস স্কুলের অনলাইন ক্লাস নেওয়া বিষয়ে আলোচনার জন্য ছাত্রদের স্কুলে ডাকেন। ছাত্ররা স্কুলে হাজির হলে প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনায় বসে। এই সময় বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য দেখা দেয়। এছাড়া ছাত্রদের সঙ্গে প্রধান শিক্ষকের পূর্বেও মতবিরোধ থাকায় ছাত্ররা ক্ষুদ্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে ছাত্ররা স্কুলের গেটের সামনে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয়। ছাত্ররা স্কুলের মূল গেটে তালা ঝুলিয়ে প্রধান শিক্ষককে স্কুলের মধ্যে অবরুদ্ধ করে রাখে।
পরে খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার এবং স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান খালিদ হোসেন সেখানে উপস্থিত হন। তারা স্কুলের ছাত্র এবং বিশিষ্টজনদের নিয়ে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন।
এই বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি খালিদ হোসেন সাংবাদিকদের জানান, ছাত্র ও শিক্ষদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। এই নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।