গোপালগঞ্জে পানিবন্দি মানুষের ভোগান্তি বাড়ছে

Gopalganj Flood Photo-02(31.07.2020)গোপালগঞ্জের পানিবন্দি ১০ গ্রামের মানুষের ভোগান্তি বেড়ে চলেছে। পানিতে নতুন নতুন এলাকা তলিয়ে যাওয়ায় পানিবন্দি মানুষের সংখ্যাও বাড়ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে দুর্গতদের সাহায্যের জন্য দেড়শ’ মেট্রিক টন চাল ও আড়াই লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) গোপালগঞ্জে মধুমতি নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার এবং বিল রুট ক্যানেলের পানি ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য জানিয়েছেন।

জেলার সদর উপজেলাসহ কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নের ১০ গ্রামের নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। রাস্তা-ঘাটও তলিয়ে গেছে। কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের সিংগা হাইস্কুল ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ৫০টি পরিবার আশ্রয় নিয়েছে। সদর উপজেলার উলপুর ইউনিয়নের ১৫টি পানিবন্দি পরিবার উলপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছে।