দেয়াল টপকাতে গিয়ে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের বন্দরে দেয়াল টপকাতে গিয়ে নিরাপত্তা বেষ্টনির লোহার রড বুকের ভেতর ঢুকে আলাউদ্দিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার একরামপুর ইস্পাহানী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আলাউদ্দিন একরামপুর ইস্পাহানী এলাকার কাবিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলাউদ্দিন রাস্তার পাশে একটি বাড়ির দেয়াল টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তার হাত পিছলে দেয়ালের লোহার রডের ওপর গিয়ে পড়লে একটি রড বুকের বাম পাশে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া জানান, লোহার রডটি বুকের বাম পাশে ঢুকে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের কোনও অভিযোগ নেই। তাই বিনা ময়নাতদন্তেই আলাউদ্দিনের লাশ দাফনের জন্য স্বজনরা নিয়ে যান। আলাউদ্দিন স্থানীয় ইস্পাহানী ঘাটের নৌকার হেলপার হিসেবে কাজ করতো।