‘মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরেক খুনিকে দেশে এনে বিচার করতে পারবো’

টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনবঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের বিচারের মুখোমুখি করতে দেশে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মধ্যে যাদের আমরা চিহ্নিত করতে পেরেছি, তাদের একজনের ব্যাপারে কিছুটা আশাবাদী। এখনও আইনের মারপ্যাঁচ রয়েছে। তবে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরেকজন খুনিকে দেশে এনে বিচারের সম্মুখীন করতে পারবো।’

শনিবার (২৯ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর যে খুনি কানাডায় রয়েছে, তার বিষয়ে সরকার বেশ অগ্রসর হয়েছে। তবে বাকি তিন জন কোথায় আছে বা কী নামে আছে, তার সঠিক তথ্য নেই। আমরা সব মিশনকে পত্র লিখেছি, তাদের সঙ্গে আলাপ করেছি; যাতে পলাতক খুনিদের শনাক্ত করতে পারি।’

এর আগে তিনি জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে সুরা ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দলীয় নেতার্মীরা উপস্থিত ছিলেন।