কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারগাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মাদক মামলার আসামি নূর ইসলাম (৫৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি মারা যান। নিহত নূর ইসলাম গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার আব্দুল লতিফের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ হাজতি হিসেবে বন্দি ছিলেন নূর ইসলাম। বৃহস্পতিবার সকালে কারাগারের ভেতর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে কারা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুরে চিকিৎসক নূর ইসলামকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) টঙ্গী পশ্চিম থানায় মাদক আইনে মামলা রয়েছে।