জাল ওকালতনামা ও স্ট্যাম্পসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার





রাইসুল আহমেদ রবিননারায়ণগঞ্জে বিপুল পরিমাণ জাল ওকালতনামা ও কোর্ট ফি লাগানো জাল স্ট্যাম্পসহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাইসুল আহমেদ রবিনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের পাশে আইনজীবিদের চেম্বারের গলির ভেতরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রবিনকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় রবিনের ব্যবসায়িক অংশীদার মিরাজ ওরফে সোহানুর পালিয়ে যায়। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা সাইদুজ্জামান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, জালিয়াতির অভিযোগ পেয়ে পুলিশ রাইসুল আহমেদ রবিন এবং মিরাজ ওরফে সোহানুরের যৌথ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রমিস কম্পিউটার ও ফটোস্ট্যাট’-এ অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর ও সিলযুক্ত ৫০টি নকল ওকালতনামা এবং কোর্ট ফিসহ ৫৪০টি জাল স্ট্যাম্প জব্দ করে।
তিনি আরও জানান, অভিযানে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাইসুল আহমেদ রবিনকে গ্রেফতার করা সম্ভব হলেও মিরাজ পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
গ্রেফতারকৃত রাইসুল আহমেদ রবিন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান বলেন, ছাত্রলীগের রাজনীতি করে কেউ অন্যায় করলে এবং দলের ভাবমূর্তি নষ্ট করলে ছাত্রলীগ এর দায়ভার নেবে না। বিষয়টি জানার পর আমরা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পদককে লিখিতভাবে জানিয়েছি। কেন্দ্রীয় কমিটি যে নির্দেশনা দেবে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।
তিনি বলেন, জেলা কমিটি ইচ্ছা করলেই কাউকে বহিষ্কার করতে পারে না। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে কেন্দ্রেীয় কমিটির কাছে লিখিতভাবে জানাতে হয়। কেন্দ্র যা সিদ্ধান্ত দেবে জেলা কমিটি সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে। আশা করি কিছুক্ষণের মধ্যেই রবিনের ব্যাপারে সিদ্ধান্ত আসবে।