ড্রেন নির্মাণের নামে রাস্তা খুঁড়ে রাখায় ভোগান্তি

রাস্তার বেহাল দশা গোপালগঞ্জ বিসিক ব্রিজ থেকে গাবতলা পর্যন্ত এক কিলোমিটার রাস্তার বেহাল দশায় নাকাল ওই এলাকার হাজার হাজার মানুষ। গত দুই বছর ধরে চলছে এমন অবস্থা। ড্রেন নির্মাণের নামে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ের ব্যাপক বৃষ্টিতে এই রাস্তায় চলাচলকারী মানুষের ভোগান্তি আরও চরমে উঠেছে। পৌর কর্তৃপক্ষ বলছেন, দ্রুতই এ রাস্তার কাজ শেষ করা হবে।  

গোপালগঞ্জ পৌর এলাকার সড়কটি গত দুই বছর ধরে মানুষকে ভোগান্তির মধ্যে রেখেছে। এই রাস্তায় দুই বছর আগে শুরু হয় ড্রেন নির্মাণের কাজ। কিন্তু ঠিকাদার কাজ শেষ না করে ফেলে রেখেছেন বলে অভিযোগ এলাকাবাসীর।  

শুধু তাই নয় যেখানে ড্রেন নির্মাণ হচ্ছে না, সেখানকার রাস্তার দুই পাশে পিচ ঢালাই থাকলেও মাঝখানের রাস্তার পিচ উঠে গেছে সেই কবে তা কেউ বলতে পারেন না। এরই মধ্যে পৌরবাসীকে এ রাস্তায় হাঁটু-জল ভেঙে যাতায়াত করতে হচ্ছে। বিষয়টি এলাকাবাসী একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানালেও কোনও লাভ হয়নি। 

ওই এলাকায় বসবাসকারী সালাউদ্দিন খান’সহ আরও অনেকের সঙ্গে কথা হলে তার জানান, বৃষ্টি হলেই রাস্তায় এক হাঁটু পানি জমে। পায়ে হেঁটে চলতে গেলে জুতা-সেন্ডেল খুলে ফেলতে হয়। অনেককে হোঁচট খেয়ে কাদা-পানিতে পড়ে যায়। এ অবস্থা থেকে মুক্তি চান এলাকার মানুষ।  

গোপালগঞ্জ পৌরসভা মেয়র কাজী লিয়াকত আলি জানান, রাস্তাটির বেহাল অবস্থা সম্পর্কে আমার জানা আছে। মানুষের ভোগান্তি হচ্ছে এটাও জানি। বৃষ্টির কারণেই ভোগান্তি বেড়েছে। দ্রুতই রাস্তাটির কাজ শেষ করা হবে।

রাস্তাটির নির্মাণ কাজ শেষ করে পৌর কর্তৃপক্ষ দ্রুত এলাকাবাসীকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেবেন এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।