ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত, চালককে গণপিটুনি

 




নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে।


সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার থানা রোডে চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জানাতুল্লাহ (৬)। এ ঘটনার পরপরই উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে চালককে গণপিটুনি দেয়। পরে উত্তেজিত ও উৎসুক জনতা মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তা অবরোধ করে রাখে। জনতা রাস্তায় থাকা ৮-১০টি গাড়ি ভাঙচুর করে। এ সময় থানা রোডের উদ্ধবগঞ্জ বাজার থেকে মোগরাপাড়া পর্যন্ত পুরো রাস্তা অচল হয়ে যায়।


নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাসখানের আগে শরিয়তপুর এলাকা থেকে নিহত শিশুর বৃদ্ধ নানা-নানি উপজেলার পিরোজপুর এলাকায় তাদের ভাড়া বাসায় বেড়াতে আসে। সোমবার সন্ধ্যায় নানা-নানি তাদের ছেলের এক পুত্র ও মেয়ের এক শিশু কন্যাকে নিয়ে চৌরাস্তায় আসে। তারা চৌরাস্তার খন্দকার প্লাজার সামনে এলে মেয়ে শিশুটি হঠাৎ হাত ফসকে দৌড় দিয়ে একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে মাথা থেতলে ঘটনাস্থলেই সে মারা যায়। তার নাম জান্নাতুল্লাহ।

এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে চালককে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে এলাকাবাসীর সহায়তায় সে রক্ষা পায়।

এদিকে উত্তেজিত জনতা মোগরাপাড়া চৌরাস্তায় থাকা ওই ট্রাকসহ ৮-১০টি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিশু কন্যাটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় উত্তেজিত ও উৎসুখ জনতার কারণে থানা রোডে মোগরাপাড়া চৌরাস্তা বন্ধ হয়ে অচল হয়ে গেলে মোগরাপাড়া থেকে উদ্ধবগঞ্জ বাজার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।