শ্রীপুরে কেমিক্যাল কারখানায় আগুন, আরও একজন নিখোঁজের দাবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় আজিজ কেমিক্যাল গ্রুপের এ এস এম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন স্বজনরা। আশরাফ নামের ওই ব্যক্তি কারখানার মেকানিক্যাল শাখায় কর্মরত ছিলেন। এ নিয়ে দুই জনের নিখোঁজের কথা জানিয়েছেন স্বজনরা। তবে কারখানা কর্তৃপক্ষ বলছে একজন নিখোঁজ ছিল। তার লাশ পাওয়া গেছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে আশরাফ হোসেনের স্ত্রী ইয়াসমিন সুলতানা জানান, আগুন লাগার সময় তার স্বামী কারখানার দ্বিতীয় তলায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা আগে বিকাল চারটার দিকে সর্বশেষ স্বামীর সঙ্গে তার মোবাইলফোনে কথা হয়। ঘটনার পর থেকে স্বামী আশরাফের মোবাইলফোন বন্ধ পাচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে কারখানা কর্তৃপক্ষ তার স্বামীর সন্ধান দিতে পারেনি। পরে সকালে কারখানায় গেলে কর্তৃপক্ষ তাদের আশরাফ হাসপাতালে ভর্তি আছেন বলে জানান। তবে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শ্রীপুরের মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতাল ও ঢাকার অ্যাপোলো হাসপাতাল খুঁজে ভর্তিকৃত আহতদের মধ্যে তার স্বামী আশরাফের সন্ধান পাননি।

নিখোঁজ শ্রমিক আশরাফের বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) হাসিবুর রহমান জানান, দমকল বাহিনী ও পুলিশ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের তল্লাশিতে পরবর্তীতে আর কোনও মরদেহ পাওয়া যায়নি। দগ্ধ একজনের মরদেহ পাওয়া গেছে। তাকে আলমগীর হোসেনের মরদেহ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার বাড়ী শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামে। তারপরও নিশ্চিতের জন্য তার মরদেহ ডিএনএ টেস্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিখোঁজ আশরাফের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে আশরাফ ওই সময় কারখানায় কর্মরত ছিল। যেহেতু সে নিখোঁজ রয়েছে সেহেতু তার সন্ধানে তল্লাশি চলছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, শ্রমিক নিহতের ঘটনায় শুক্রবার একটি মামলা রুজু হয়েছে। নিহত শ্রমিক আলমগীর হোসেনের স্ত্রী সালমা খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় কারখানা কর্তৃপক্ষকে অভিযুক্ত করা হয়েছে। তবে মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি বলে জানান তিনি।


আরও পড়ুন:
শ্রীপুরে কেমিক্যাল কারখানায় আগুন, নিহত ১