সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্টোরিতে পিস্তল দিয়ে গুলি ছোড়ার ভিডিও শেয়ার করা এবং ভিডিও ক্যাপশনে ফার্স্টটাইম মেশিন চালাইলাম লেখা সেই কিশোর ফারহান আহমেদ রাহুল ওরফে তানভীরকে (১৭) আটক করেছে পুলিশ। তবে পুলিশ তার ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে পারেনি।
মঙ্গলবার (২৩ ) ভোর রাত তিনটার দিকে ফতুল্লার দাপা বেপারীপাড়ার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার (ওসি) রাকিবুজ্জামান।
তিনি বলেন, আটক রাকিবুজ্জামান দাপা কবরস্থান রোডের নজরুল ইমলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারহান জানান, সে ইউটিউব থেকে গুলি ছোড়ার ভিডিওটি ডাউনলোড করে তার ফেসবুকের স্টোরিতে ছেড়েছিল।
ওসি আরও জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ভিভিওতে শুধু হাতের ছবি দেখা গিয়েছে। কিন্তু কোনও মুখচ্ছবি দেখা যায়নি।
উল্লেখ্য, ফেসবুক আইডি থেকে 'ফার্স্ট টাইম মেশিন চালাইলাম' স্টোরিতে অত্যাধুনিক ম্যাগজিন পিস্তল থেকে পরপর দুটি ফাঁকা গুলি ছোড়ার ভিডিও আপলোড করে নারায়ণগঞ্জ ফতুল্লার এক কিশোর। ইতোমধ্যে সেই ফাঁকা গুলি ছোড়ার ভিডিও নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। ভিডিওটি আপলোডকারীর ফেসবুক আইডি পরিচয় পর্যবেক্ষণে দেখা যায়, আইডির নাম ফারহান আহমেদ রাহুল। ঠিকানা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। ফেসবুক বায়োতে দেখা যায়, সে ফতুল্লা পাইলট স্কুলের সাবেক ছাত্র ও বর্তমানে শহরের নারায়ণগঞ্জ কলেজে অধ্যয়নরত।
এদিকে ভিডিও ফেসবুক প্রোফাইলে তার ছবি থাকলেও গুলির ভিডিওতে শুধুমাত্র হাত দিয়ে গুলি করার দৃশ্য দেখা যায়।
এরআগে, ২০১৯ সালের ২৫ নভেম্বর ফতুল্লার পাগলায় সোহান নামে এক কিশোরের ফাঁকা গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিল।