নিখোঁজের পর ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হননি পদ্মা সেতু প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলী ঝাও জিয়ান পেং (৩৫)।
মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৮টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে তার সহকর্মীরা পুলিশকে জানান। খবর পেয়ে মাওয়া নৌপুলিশ রাত সোয়া ৯টা থেকে পদ্মা নদীর বিভিন্ন দিকে টহল দেয়।
বুধবার (২৩ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌপুলিশ ও কোস্ট গার্ড নদীতে তাকে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, ছয়জন ডুবুরি সকাল থেকে পদ্মা নদীর বিভিন্ন দিকে তাকে খুঁজেছেন। এছাড়াও নৌপুলিশ ও কোস্ট গার্ড সারাদিন মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শুরু করে শরিয়তপুরের নড়িয়া পর্যন্ত নদীর বিস্তীর্ণ এলাকা খুঁজেছে। কিন্তু, এখনও তাকে পাওয়া যায়নি। আমরা আজ আর ঘণ্টাখানেক উদ্ধার কাজ চালিয়ে যেতে পারবো। এরপর রাত হয়ে যাবে। তখন আর উদ্ধার কাজ করা সম্ভব নয়।
তিনি আরও জানান, বিভিন্ন জায়গায় মাইকিংও করা হয়েছে। আর আগামীকাল উদ্ধার কাজ চলবে কি-না, তা এখনি বলতে পারছি না।
পদ্মা সেতুর উপ-সহকারী প্রকৌশলী (মূল সেতু) হুমায়ুন কবীর জানান, তারা বার্জে (ছোট আকারের জলযান) ২৪ ঘণ্টা থেকে তাদের কাজ করতো। সঙ্গে থাকা সহকর্মীর অগোচরে ঝাও নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, হয়তো সে পদ্মা নদীতে পড়ে গেছেন।