জামালপুর সদর পৌরসভার স্থগিত থাকা ৩টি ও সরিষাবাড়ি পৌরসভার ১টি কেন্দ্র্রে ভোটগ্রহণ চলছে। ভোট ব্যবধান বেশি থাকায় ইতোমধ্যে এই দুই পৌরসভার মেয়র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফলে আজকের নির্বাচনের মধ্য দিয়ে ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে জামালপুর সদরের বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এছাড়া সরিষাবাড়ি পৌরসভার বাঙ্গালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছে।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের দিন এই ভোটকেন্দ্রগুলোতে হামলা,ব্যালট পেপার ছিনতাই ও গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
জানা গেছে, জামালপুর সদর পৌরসভার ৬নং ওয়ার্ডের বানিয়া বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৬০৫ জন। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ১১ জন। ভোট ব্যবধান বেশি থাকায় এই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেসরকারিভাবে নির্বাচিত হয়ে আছেন। ৯ নং ওয়ার্ডের ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২৮৯১ জন। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ৮ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে ১১ নং ওয়ার্ডের বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১৪৯৬ জন। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৭ জন।
সরিষাবাড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাঙ্গালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১৯৫২ জন। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৫ জন।
/এসএম/