ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের (বহিষ্কৃত) সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাইনকে (৩৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের মামলা ও একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার দিবাগত রাতে (২৬ আগস্ট) মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ফরিদপুরের ডিবি পুলিশ ফাইনকে আটক করে। পরে তাকে টাকা পাচারের মামলায় গ্রেফতার দেখানো হয়।
তার বিরুদ্ধে ২০০৭ সালে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ। এছাড়া ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদের ওপর হামলা, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ক্যাপ্টেন বাবুল ও অলোক সেনের ওপর হামলাসহ বহু সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ফাইন জড়িত বলে জানায় পুলিশ।