মুন্সীগঞ্জে গরুর খামার দেখতে গেলেন তিন দেশের রাষ্ট্রদূত

আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ গরুর খামার ডাচ ডেইরি ফার্ম পরিদর্শন করলেন ব্রাজিল, কসোভো ও মালদ্বীপের রাষ্ট্রদূত। শনিবার (২৮ আগস্ট) মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডাচ ডেইরি ফার্ম নামে খামারটি পরিদর্শন করেন তারা।

পরিদর্শন শেষে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি ওলিভেইরা জুনিয়র বলেছেন, ‘বাংলাদেশ এখনও দুগ্ধ উৎপাদনে শতভাগ স্বয়ংসম্পূর্ণ নয়, তবুও যত বেশি দুগ্ধ উৎপাদন করতে পারবে তত কম আমদানি করবে। এতে অর্থনৈতিকভাবে বাংলাদেশ শক্তিশালী হবে।’

ওলিভেইরা জুনিয়র আরও বলেন, ‘ডাচ ডেইরি ফার্ম খুবই উৎপাদনশীল। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি একটি আদর্শ ফার্ম, একটি মডেল ফার্ম। ব্রাজিলের আবহাওয়া বেশ গরম। বাংলাদেশের চেয়েও বেশি গরম। আমি বিশ্বাস করি, ব্রাজিলের গবাদিপশু এখানে নিজেদের মানিয়ে নিতে পারবে এবং তারা বেশ উৎপাদনশীল হবে।’

unnamedপরিদর্শনে আরও অংশ নেন– কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়ার, মালদ্বীপের রাষ্ট্রদূত শিরুজিমাত সামির এবং ডাচ ডেইরি লিমিটেডের প্রধান নির্বাহী ও পরিচালক গিয়াসউদ্দিন।

প্রসঙ্গত, মুন্সীগঞ্জের লৌহজংয়ে বেসরকারি একটি কোম্পানির উদ্যোগে প্রায় ১২৫ একর জমিতে নির্মাণ করা হয়েছে ডাচ ডেইরি ফার্ম। খামারটিতে বর্তমানে ১২ শতাধিক গরু প্রতিপালন করা হচ্ছে। খামারটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি। বর্তমানে প্রতিদিন ২২শ’ লিটার দুধ উৎপাদন হয় খামারটিতে।