আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন, তা সত্য বলেছেন। তিনি না জেনে কোনও কথা বলেন না। তিনি কোনও মিথ্যার আশ্রয় নেন না। জিয়ার লাশের কফিন যখন চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়, তখন কেউ কি তার লাশ দেখেছিলেন? তাহলে ওই বাক্সে কার লাশ ছিল?’
সোমবার (৩০ আগস্ট) বিকালে গাজীপুর মহানগরীর টেকনগরপাড়ায় একটি কনভেনশন সেন্টারে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খন্দকার মোশতাক একা হত্যা করেনি। তার পেছনে মদদ জুগিয়েছে জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যারা ষড়যন্ত্রে জড়িত ছিল, তাদেরকেও জাতির কাছে তুলে ধরতে হবে।’
গাজীপুর শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক শ্রমিক নেত্রী লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক আবুল হোসাইন। বক্তব্য রাখেন শ্রমিক নেতা নুরুল ইসলাম, শামীম খান, গাজীপুর মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আব্দুল জলিল, লীমা ফেরদৌস, শহিদুল ইসলাম প্রমুখ।