কিশোরগঞ্জের কটিয়াদীতে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কটিয়াদীর দড়িয়াকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দড়িয়াকোনা গ্রামের নিধন মিয়ার (৫০) ছেলে হৃদয় (২৬) প্রায়ই তার বাবাকে নেশার টাকার জন্য চাপ দিতো।
শুক্রবার রাত ২টার দিকে টাকা চাইলে নিধন মিয়া ছেলেকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে হৃদয় দা দিয়ে তাকে অনবরত কুপিয়ে জখম করে।
পরে নিধন মিয়াকে আহত অবস্থায় উদ্ধারের পর ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। সকালে হৃদয়কে কটিয়াদীর কদমতলী থেকে আটক করে পুলিশ।
কটিয়াদী থানার ওসি এসএম শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত হৃদয়কে আটক করা হয়েছে। ছেলেটি নেশাগ্রস্ত। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।