গাজীপুরের শ্রীপুরে অটোরিকশাচালক রিয়াজ উদ্দিনকে (৪৭) ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ি চালা গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। বুধবার (৬ অক্টোবর) রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিধাই (আবদার) গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে সে মারা গেলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন এবং তেলিহাটি ইউপি সদস্য তারেক হাসান বাচ্চু জানান, নিহত রিয়াজ শ্রীপুরের জৈনা বাজার এলাকার আশেপাশে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ধারণা করা হচ্ছে, বুধবার (৬ সেপ্টেম্বর) সে জৈনা বাজার থেকে শ্রীপুরের সীমান্তবর্তী কাওরাইদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিধাই (আবদার) গ্রামে যাত্রী নিয়ে যেয়ে থাকতে পারে। গভীর রাতে ওই স্থান থেকে ফেরার পথে যাত্রীবেশে কয়েকজন জৈনা বাজার যাওয়ার কথা বলে রিয়াজ উদ্দিনের ব্যাটারি চালিত রিকশা ভাড়া করে। রিকশা ওই এলাকার সিপি বাংলাদেশ হ্যাচারির এক নম্বর গেটের পাশে পৌঁছালে যাত্রীরা রিকশাটিকে দাঁড় করায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কাটে এবং পিঠে ও গালে এলোপাতাড়ি আঘাত করে। আনুমানিক রাত ১টার দিকে কারখানা ছুটি শেষে বাড়ি ফেরার পথে ওই হ্যাচারির দুই কর্মী গোঙ্গানীর শব্দ পেয়ে এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাসহ রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সে মারা যায়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ বিকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।