রূপগঞ্জে নৌকার গণসংযোগে হামলার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জাহেদ আলীর গণসংযোগে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর লোকজনের হামলা ও সংর্ঘষের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রূপগঞ্জ থানার এসআই কাজল মজুমদার বাদী হয়ে অজ্ঞাত দুই-তিনশ’ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন। 

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে কায়েতপাড়ার নাওড়া এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ প্রার্থী জাহেদ আলীর সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজানের লোকজনের সংর্ঘষ হয়। এতে এক পুলিশ সদস্যসহ জাহেদ আলীর ১০ কর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, হামলাকারীরা ইট পাটকেল নিক্ষেপ, ১০-১২ টি ককটেল বিস্ফোরণ ও তিন থেকে আটটি ফাঁকা গুলি করে আতংকের সৃষ্টি করে। এক পর্যায়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলায় আওয়ামী লীগ নেতা পচু প্রধান (৪০), ফজলুল হক (৪৫), যুবলীগ নেতা ওয়াসিম প্রধান (৩০), আমির হামজা (৪২), দুলাল (২২), ডাগু মিয়া (২৫) ও পুলিশ কনস্টেবল জমশেদসহ ১০ জন আহত হন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।