ই-কমার্স প্রতিষ্ঠান জেকা বাজার সিলগালা, ২ লাখ জরিমানা

রাজবাড়ীতে জেকা বাজার লিমিটেড নামের অবৈধ একটি ই-কমার্স প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকার নান্নু টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

মো. শরীফুল ইসলাম বলেন, ‘ডিজিটাল কমার্স নীতিমালা ২০২১ অনুযায়ী অনলাইনে এমএলএম ব্যবসা অবৈধ।  তাই রাজবাড়ী জেলা শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে এমএলএম ব্যবসা পরিচালনার দায়ে ‌জেকা বাজার লিমিটেড নামক প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এ ছাড়াও প্রতিষ্ঠানটি ভোক্তা অধিকার বিরোধী কাজ করায় দুই লাখ টাকা জরিমানা আদায় করে।’