নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় আরও কোনও মায়ের বুক যেন খালি না হয়। এ পর্যন্ত চার জন মায়ের বুক খালি হয়েছে। সহিংসতায় কেউ মারা যাক নির্বাচন কমিশন তা আশা করে না।
শুক্রবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, নির্বাচনে যে পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করবে, তাকে আইনের আওতায় আনা হবে। আইন ভঙ্গ করলে প্রার্থী অথবা নির্বাচন কমিশনের কর্মকর্তা হোক কাউকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে। নারায়ণগঞ্জের ইউনিয়নগুলো যেহেতু ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন থাকবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা সভাপতিত্বে আর বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিউর রহমান প্রমুখ।