গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে অন্তত দেড় শতাধিক ঘর পুড়ে গেছে।
সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার তেলিরচালা (মৌচাক) এলাকার মোখলেছুর রহমানের ঘরের ভাড়াটিয়া হাজেরা বেগমের ঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের আরও তিন কলোনিতে ছড়িয়ে পড়ে। সফিকুল ইসলাম, মোখলেছুর রহমান, আলম হোসেন ও হাসান মিয়ার চারটি কলোনিতে প্রায় দেড় শতাধিক ঘর রয়েছে।
আগুন লাগার খবর পেয়ে কারিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কলোনির সবগুলো ঘরের মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। কলোনিতে থাকা প্রত্যেক পরিবার আগুনে সবকিছু হারিয়েছেন। কলোনির মধ্যে সাতটি দোকান ছিল। আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ভাড়াটিয়া মাজেদা বেগম জানান, হঠাৎ আগুন দেখতে পান। ছোট মেয়েকে নিয়ে নিরাপদে ঘর থেকে বের হতে পারলেও তার জমানো ৪৭ হাজার টাকাসহ ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে।