তীব্র রোদে প্রায় তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন জমেলা বেগম, সুফিয়া বেগম, এলেজা আক্তার, রহিমা বেগম ও সাহেরা বেগমসহ বেশ কয়েকজন ভোটার। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টায় লাইনে দাঁড়ান তারা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও বুথে ঢুকতে পারেননি। এর মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান রহিমা বেগম। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের টিকুরিয়াপাড়ায় মুন্সীগঞ্জ মোকছেদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। সকাল ৮টা থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
লাইনে দাঁড়িয়ে থাকা সুফিয়া বেগম বলেন, ‘সকাল ৯টার দিকে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়েছি। এখন দুপুর ১২টা। এই তিন ঘণ্টা সময় পার হলেও ভোট দিতে পারিনি। রোদে দাঁড়াতে কষ্ট হলে দুঃখ নেই। কারণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো।’
সাহেরা বেগম বলেন, ‘অনেক রোদ। ভোট দিতে এসেছি প্রায় তিন ঘণ্টা হলো। কর্মকর্তা ভোট নিতে বেশি সময় নিচ্ছেন। এ জন্য রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থেকে আমাদের অনেক কষ্ট হচ্ছে।’
মুন্সীগঞ্জ মোকছেদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এই কেন্দ্রে এক হাজার ৮৫২ জন ভোটার। দুপুর পৌনে ১২টা পর্যন্ত ৭১৪ জন ভোটার ভোট দিয়েছেন। ভোট দিতে সময় নেওয়ার কারণে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।