নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৬ নভেম্বর সন্ধ্যায় চরকাশিপুর সেতু এলাকায় তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
মামলার পর ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে ইমরান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি কাশিপুর ইউনিয়নে।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর বাবার বাড়িতে বেড়াতে যান ওই গৃহবধূ। ১৬ নভেম্বর সন্ধ্যায় তিনি শ্বশুরবাড়ি ফিরছিলেন। চরকাশিপুর সেতুর সামনে পৌঁছালে পথরোধ করে নানান প্রশ্ন করে ইমরান। একপর্যায়ে সহযোগী ফাইয়ান (২১), ইয়াসিন (৩০) ও রায়হান (২৫) মিলে ওই গৃহবধূকে জোর করে নৌকায় তুলে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে চার জন ধর্ষণ করে।
ভুক্তভোগী কৌশলে ইমরানের ফোন নিয়ে স্বামীকে জানান, তিনি চরকাশিপুর সেতুর সামনে আছেন। সেখানে পৌঁছে স্ত্রীকে খুঁজতে থাকেন বাদী। রাত ১০টায় তাকে ফোন করে জানানো হয়, ভুক্তভোগীকে ট্রলারে তুলে দেওয়া হয়েছে। পরে ঘাটে গিয়ে স্ত্রীকে খুঁজে পান। ধর্ষণের কথা জানালে ফতুল্লা থানায় মামলা করেন বাদী।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, ধর্ষণের মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।