ইউপি পরিষদের উদ্যোক্তা সহকারী হত্যার ঘটনায় আটক ৩

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সহকারী আ. বারেক শেখকে (৪৪) দিনদুপুরে হত্যার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ নভেম্বর) রাতে ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার (২১ নভেম্বর) বেলা ১টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, গত ৭ নভেম্বর সকাল ১১ টার দিকে হাসাইল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সহকারী আ. বারেক শেখ (৪৪) তার অফিসের কাজ করে বালিগাঁও বাজারের ব্যাংক এশিয়া থেকে হাসাইল ইউনিয়ন অফিসের উদ্দেশ্যে ফিরছিলেন। এ সময় টংগিবাড়ি থানার বালিগাঁও রাস্তার ওপর তিন জন অজ্ঞাতনামা দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি নিহত হন। 

এ বিষয়ে টঙ্গিবাড়ি থানায় মামলা হয়। পরে তদন্ত করে পুলিশ মো. নাজির হোসেন ওরফে নাজিম মোড়ল (৩৬), মো. ফয়সাল ওরফে জুয়েল (২৮) ও মো. মিলনকে (৩৪) আটক করে। তিন জনই মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মশদগাঁও এলাকার বাসিন্দা।

আটকদের থেকে ভিকটিমের একটি স্কুলব্যাগ, দুটি ধারালো চাকু, একটি লাইটার পিস্তল, একটি নীল রঙয়ের অ্যাপাচি ফোরভি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ সুপার দাবি করেন, আটকরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছেন।