টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার তৈরির দায়ে চার হোটেল মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
এর মধ্যে সেফাত রেস্টুরেন্টের মালিককে আট হাজার, উজ্জালা রেস্টুরেন্টকে ছয় হাজার, সনি স্টারকে পাঁচ হাজার ও বাঙ্গালিয়া রেস্টুরেন্টকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
রানুয়ারা খাতুন বলেন, ‘অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও দামের বিষয়ে অভিযোগ ছিল। পরে অভিযানে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায়। এ সময় চারটি হোটেলের মালিককে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’