খাবারের দাম বেশি রাখায় ৫ হোটেলকে জরিমানা

টাঙ্গাইলে খাবার হোটেলে দাম বেশি রাখায় এবং অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি করায় পাঁচ হোটেল মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের নেতৃত্বে শহরের নিরালা মোড়, মিষ্টিপট্টি ও নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, শহরের হোটেলগুলোতে অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও দামের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্থানীয়রা মৌখিক অভিযোগ দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ‘কিছুক্ষণ’ হোটেলকে পাঁচ হাজার, পিয়াসী হোটেলকে দুই হাজার, টিপটপ হোটেলকে পাঁচ হাজার, ফাইলার হোটেল ও সুরুতী হোটেলকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।

রানুয়ারা খাতুন বলেন, ‘খাবারের দাম বেশি ও অপরিচ্ছন্নভাবে তৈরির বিষয়ে অভিযোগ ছিল। পরে হোটেলগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচ হোটেলের মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’