ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করায় মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী সুহাসকে দুধ দিয়ে গোসল করিয়েছেন সমর্থকরা। শনিবার (১১ ডিসেম্বর) তাকে দুধ দিয়ে গোসল করানো হয়।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে গাজী হাসান আল মেহেদী সুহাস ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন। তিনি নবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী হাবিবুর রহমান মুন্নু গাজীর ছেলে। এ ছাড়া তিনি ওই ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
গত ২৮ নভেম্বরের নির্বাচনে তিনি ৯ হাজার ৭৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী রাকিব হোসেন ফরহাদ পান এক হাজার ৬৯২ ভোট।
নির্বাচিত হয়ে নানাভাবে বিজয়োল্লাস করেন প্রার্থীরা। ফুল দিয়ে বরণ, শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ, নেচে-গেয়ে স্লোগানে বিজয় উদযাপন করে সমর্থকরা। বিজয়োল্লাসের আরেকটু বাড়তি আকর্ষণ হিসেবে নবনির্বাচিত চেয়ারম্যানকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেন সমর্থকরা।
চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী সুহাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বেশ কয়েকজন নারী সমর্থক নির্বাচনের আগে মানত করেছিলেন, আমি যদি নির্বাচনে বেশি ভোটের ব্যবধানে জয়ী হতে পারি তাহলে আমাকে তারা দুধ দিয়ে গোসল করাবেন। এরই অংশ হিসেবে আজ তারা আমাকে দুধ নিয়ে গোসল করিয়েছেন।’