ফরিদপুরে বৃদ্ধকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুলাল সিকদার (৬০) নামে এক বৃদ্ধকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। তার বাড়ি মুনসুরাবাদ গ্রামে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গত ২৮ নভেম্বর ভাঙ্গার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ হয়। এ নিয়ে  হামেরদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে পরাজিত মেম্বার প্রার্থী বাবর আলী ও নবনির্বাচিত আলম মেম্বারের সমর্থকদের মধ্যে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে সংঘর্ষ হয়। এরপর আলম মোল্লার সমর্থকরা বাবর আলীর সমর্থক বীর মুক্তিযোদ্ধা মরহুম শুকুর শেকের বাড়িসহ আটটি বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে উভয় পক্ষ ও নবনির্বাচিত চেয়ারম্যানের মধ্যস্থতায় থানায় দেশীয় অস্ত্র জমা দিয়ে মীমাংসার দিন ধার্য করা হয়।

স্থানীয় মাতুব্বর তৈয়ার আলী জানান, বুধবার বিকালে মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সাবেক মেম্বার বাবর আলী মোল্লার সমর্থক দুলাল সিকদার আসরের নামাজ পড়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আলম মোল্লার সমর্থক ছরোয়ার মেম্বার, ইমদাদ, ইকরাম ও ইমরান তার পথরোধ করে। এ সময় তাকে লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করা হয়। এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। দুলালকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদির বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ হাসপাতালে রয়েছে।