বিয়ের অনুষ্ঠানের আগের দিন লাখ টাকা চুক্তিতে যুবককে হত্যা

গাজীপুরে বিয়ের অনুষ্ঠানের আগের দিন অটোরিকশাচালক শরিফুল ইসলামকে (২৫) গলাকেটে হত্যার ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

গ্রেফতারকৃতরা হলো—নরসিংদীর হিজুলিয়া গ্রামের শফিকুল ইসলাম (২৫), গাজীপুরের বনখড়িয়া এলাকার আফ্রিদি (১৯) ও হানিফ (২৭), একই জেলার বাউপাড়া এলাকার রাকিব হোসেন (২২), জামালপুরের দর্জিপাড়া এলাকার রাজিব শেখ (২২) ও ময়মনসিংহের মিছিটেঙ্গী এলাকার জুয়েল রানা (২৭)। রাকিব ও জুয়েল শরিফুলের স্ত্রী কারিমার বড় ভগ্নিপতি এবং রাজিব বড় ভাইয়ের (কারিমার) শ্যালক।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাকছুদের রহমান জানান,  কিছু দিন আগে জয়দেবপুর থানার ভাওয়াল মির্জাপুর এলাকার মঞ্জুুরুলের মেয়ে কারিমাকে গোপনে বিয়ে করেন শরিফুল। শ্রীপুর থানার বনখড়িয়া এলাকার মৃত নায়েব আলীর ছেলে শরিফুল এলাকায় অটোরিকশা চালাতেন। কারিমাকে পছন্দ করতেন তার বড় ভাইয়ের শ্যালক রাজিব। এদিকে, এ বিয়ে মেনে নিতে পারেনি কারিমার দুই বড় ভগ্নিপতি রাকিব ও জুয়েল। বিয়ে মেনে নিয়ে মেয়েকে ১০ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্নের দিন ধার্য করে কারিমার পরিবার। এতে ক্ষুব্ধ হয় কারিমার দুই ভগ্নিপতিসহ রাজিব। তারা শরিফুলকে হত্যার পরিকল্পনা করে। 

হত্যার জন্য বন্ধু আছমত ও অন্য সহযোগীদের সঙ্গে এক লাখ টাকার চুক্তি করে। পরিকল্পনা অনুযায়ী বিয়ের অনুষ্ঠানের আগের দিন (৯ ডিসেম্বর) দুপুরে শরিফুলকে কৌশলে শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া এলাকার বনে নিয়ে যায় তারা। সেখানে একসঙ্গে বসে সিগারেট ও গাঁজা সেবন করে। এ সময় গলা চেপে ধরে শরিফুলকে মাটিতে ফেলে ছুরি দিয়ে গলাকেটে হত্যার পর পালিয়ে যায়।

বিকালে নিহতের স্বজনরা ওই বন সংলগ্ন বনখড়িয়া বাজার-রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বিপসট গেট (চেকপোস্ট-১) সড়কের পাশ থেকে শরিফুলের অটোরিকশা উদ্ধার করে। পরদিন (১০ ডিসেম্বর) সকালে বনের ভেতর শরিফুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। 

এসপি জানান, মামলাটি পিবিআইয়ের সিডিউলভুক্ত হওয়ায় পুলিশ সদরদফতরের নির্দেশে তদন্তের দায়িত্ব গাজীপুরের পিবিআইকে দেওয়া হয়। পিবিআই তদন্ত কর্মকর্তা তথ্য-প্রমাণের ভিত্তিতে শুক্রবার পর্যন্ত এ ঘটনায় জড়িত ছয় জনকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তি দিয়েছে তারা।