পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দুই সদস্য প্রার্থী মনির হোসেন ও আতাউর রহমানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তারা দুজনই পেয়েছেন সমান ৪৫৮ ভোট করে।
বুধবার (৫ জানুয়ারি) রাতে ওই ইউনিয়নের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান এ ফল ঘোষণা করেন।
এতে দেখা যায়, বন্দরখোলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সদস্য প্রার্থী মনির হোসেন মোরগ প্রতীকে ও আতাউর রহমান তালা প্রতীকে সমান ৪৫৮ ভোট পেয়েছেন। তাদের চেয়ে আর কোনও প্রার্থী বেশি ভোট পাননি। তাই দুই প্রার্থী সর্বোচ্চ সমান ভোট পাওয়ায় ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি।
রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান জানান, দুই প্রার্থী সমান ভোট পাওয়ার কারণে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। সেখানে দুজনের মধ্যে পুনরায় ভোট হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নির্বাচনি আইন অনুযায়ী সমপরিমাণ ভোট পাওয়া ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোট হবে।