টাঙ্গাইলের ৫ ইউনিয়নের সবকটিতেই নৌকার জয়

ষষ্ঠ ধাপে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাঁচ ইউনিয়নে ভোট হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে সবকটিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন। এর আগে, সকাল ৮টা থেকে ইভিএম ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

বেসরকারি ফলে উপজেলার মির্জাপুর ইউনিয়নে রফিকুল ইসলাম ১৩ হাজার ৭৯৯, আলমনগর ইউনিয়নে আব্দুল মোমেন ৬ হাজার ৬৬৭, হাদিরা ইউনিয়নে বিলকিছ জাহান ৬ হাজার ৭৯৮, নগদাশিমলা ইউনিয়নে হোসেন আলী ৮ হাজার ১৪১ ভোট ও ধোপাকান্দি ইউনিয়নে সিরাজুল ইসলাম ৬ হাজার ২৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

এ পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর সাধারণ সদস্য পদে ১৫৫ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।