রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানালঘাট ও ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর এলাকায় অবৈধভাবে মাটিকাটা বন্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয় জনকে আটকের পর একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার অম্বলপুর সাইফুল ইসলাম (৩৩), জটু মিস্ত্রি পাড়ার নুরুল ইসলাম (২৭), কছিমুদ্দিন পাড়ার মো. আসিফ শেখ (১৯), দৌলতদিয়া হোসেন মণ্ডল পাড়ার হিরো মৃধা (২৫), রাজবাড়ী সদর উপজেলার সিঙ্গাইর বাজার এলাকার টোকন খান (২২) ও কালুখালী উপজেলার সাতোটা গ্রামের রহিম মৃধার ছেলে জহুরুল ইসলাম (২৪)। পরে তাদের রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রি করা হচ্ছিল- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ছয় জনকে আটক করে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক।
অভিযানে গোয়ালন্দঘাট থানা পুলিশের একটি দল অংশ নেয়।