১৩০ কিলোমিটার পায়ে হেঁটে খুলনা থেকে রাজবাড়ী পৌঁছেছেন আয়রন ম্যান নামে খ্যাত ইউসুফ ইকবাল। তিনি খুলনা রেলওয়ে স্টেশন থেকে রাজবাড়ীর কালুখালী পর্যন্ত পায়ে হেঁটে এসেছেন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় রাজবাড়ীর কালুখালী এসে পৌঁছান তিনি। ১৩০ কিলোমিটার হেঁটে আসতে তার ২৩ ঘণ্টা ৩১ মিনিট সময় লেগেছে।
ইউসুফ ইকবালের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামের। তিনি স্থানীয় মো. দেলোয়ার মন্ডলের ছেলে। ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় রয়েছেন।
গত বছরের ২৬ নভেম্বর ঢাকা থেকে ১৩২ কিলোমিটার পায়ে হেঁটে কালুখালীতে আসারও রেকর্ড ছিল তার। ২০২০ সালে হঠাৎ পা ভেঙে প্রায় ১৩ মাস অসুস্থ থাকার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফের এই কীর্তি অর্জন করেন।
এ বিষয়ে ইউসুফ ইকবাল বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল- দৌড়ে ও পায়ে হেঁটে রেকর্ড গড়বো। আমি দরিদ্র পরিবারের সন্তান। কারও স্পন্সর পেলে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি সরকার বা কোনও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে ভারতের আল্ট্রা ম্যারাথনে অংশগ্রহণ করতে চাই।’