কৃষক সেজে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ধরলো পুলিশ

ফরিদপুরের সদরপুরে কৃষক সেজে ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ কর্মকর্তা। সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী গ্রামে কৃষক বেশে পলাতক আসামি মো. মিজানুর রহমান সরদারকে গ্রেফতার করে সদরপুর থানা পুলিশ।

গ্রেফতার মিজানুর রহমান (৩৫) সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে। থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালে মিজানুর রহমানের বিরুদ্ধে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি অপহরণ মামলা করা হয়। মামলার পর থেকেই আসামি মিজানুর রহমান পলাতক ছিলেন। ওই মামলায় আসামি মিজানুর রহমান অনুপস্থিত থাকায় তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

পরে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। আদেশটি সদরপুর থানায় আসার পর থেকেই আসামিকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, আদালত থেকে পলাতক মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাপত্র পাওয়ার পর থেকেই তাকে আটকের চেষ্টা চালানো হয়। এ জন্য পুলিশ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে তার ইউনিয়নে অবস্থান করে। কৃষক বেশে মিজানুর রহমানকে গ্রেফতার করেন থানার এএসআই আহসান হাবীব। আটকের পর তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে হয়।