মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়ায় আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
আমেনা বেগম পশ্চিম বান্দুটিয়া এলাকার মৃত ওয়াহেদ আলীর স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে ফিরোজ মিয়াকে (৩০) আটক করা হয়েছে।
পাশের ঘরের ভাড়াটিয়া ফিরোজ মিয়া জানান, রাত ১২টার দিকে লোকজনের ডাক-চিৎকারে উঠে দেখি, আমেনা বেগমের ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। সবাই মিলে তাদেরকে ডাকতে থাকি। কিন্তু কোনও সাড়া নেই। ৯৯৯-এ কল করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ডুকে দেখে, আমেনা বেগমের লাশ খাটের পাশে মেঝেতে পড়ে আছে। তার ছেলে পাশেই বসা। এ সময় প্লাস্টিকের চেয়ারে আগুন জ্বলছিল।
ফিরোজের চাচাতো ভাই শহিদুর রহমান ইউনুছ বলেন, প্রায় ছয় বছর পর দেড় মাস আগে বিদেশ থেকে ফিরেছেন ফিরোজ। আসার পর থেকে টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। মারধরও করতেন। তার চলাফেরা দেখে মনে হতো মাদকাসক্ত। পরিবারের সবাই মিলে মাদক নিয়ন্ত্রণ পুনর্বাসন কেন্দ্রে দেওয়া হয়। সেখানেও ফিরোজ অস্বাভাবিক আচারণ করতে থাকে। দুই দিন আগে মাদক নিয়ন্ত্রণ পুনর্বাসন কেন্দ্রে থেকে তাকে ফেরত পাঠায়। ফিরোজ ও তার মা এক ঘরে থাকতেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ফিরোজ থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।