নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা সারা দেশে বিচারহীনতার জলজ্যান্ত উদাহরণ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন সমাজকর্মী খুশি কবীর। তিনি বলেছেন, ‘ত্বকীকে হত্যার পর হতভম্ব হয়ে পড়লো সারা দেশ। বিচারহীনতার সংস্কৃতি এখন জায়েজ হয়ে দাঁড়িয়েছে। ত্বকী হত্যা বিচারহীনতার জলজ্যান্ত উদাহরণ।’
শুক্রবার (১১ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার ৯ বছর পূর্তিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
খুশি কবীর বলেন, ‘আজকে রফিউর রাব্বী সন্তান হারানোর পরেও যেহেতু আপস করছেন না, তাই এই বিচার কাজ শুরু হচ্ছে না। বাংলাদেশে ওনার মতো আরও অনেকেই আছে, যারা এই ধরনের বিচারহীনতা দেশে থাকতে দেবে না। আমরা ত্বকীদের মতো আর কোনও ছেলে-মেয়েদের হারাতে চাই না। এই দেশে বিচারহীনতার সংস্কৃতি যেন বন্ধ হয়।’
এ সমাজকর্মী আরও বলেন, ‘ত্বকী হত্যা নিয়ে সারা দেশে আলোচনা, প্রশ্ন তোলা, কারণ খোঁজা ও জবাব পাওয়ার চেষ্টা করা হয়। আমরা জানি না কত বছর এভাবে আমাদের দাঁড়াতে হবে? এই বিচারহীনতা সারা দেশের জন্য কলঙ্ক। অথচ এই মেধাবী সন্তান ত্বকী আজ থাকলে সে আমাদের জন্য উজ্জ্বল উদাহরণ হতো।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বী ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ প্রমুখ।