‘পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়ে বিশ্বব্যাংক আজ অনুতপ্ত’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুর সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষের অনুভূতি জড়িত। এই সেতুতে অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে গিয়েছিল। এ কারণে সংস্থাটি আজ অনুতপ্ত।

রবিবার (১৩ মার্চ) বিকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজার বেজ ও বিআইডব্লিউটিএর উদ্যোগে নির্মিত দেশের প্রথম অসমাপ্ত আত্মজীবনীর ভাস্কর্য উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে যখন ধাক্কা লাগে তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের হৃদয়েও ধাক্কা লাগে। পদ্মা সেতুতে ধাক্কা লাগার পর খালেদা জিয়া যে বিভ্রান্তিমূলক কথা বলেছিলেন, সেটা মিথ্যা প্রমাণ হয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মাধ্যমে শুধু বাঙালি জাতি নয়, পুরো বিশ্ব জানতে পেরেছে বঙ্গবন্ধু কী ছিলেন। কতটুকু সংগ্রাম করে তিনি এ জাতিকে মুক্তি দিয়েছেন। আমরা অবশ্যই গর্ববোধ করছি যে, জাতির পিতার আত্মজীবনীর প্রতিকৃতি এখানে স্থাপন করতে পেরেছি। ভাস্কর সুদিপ্তও এটা খুব যত্ন ও আন্তরিকতার সঙ্গে তৈরি করেছেন। এই ভাস্কর্য দেখার জন্য সারাদেশ থেকে শিমুলিয়ায় লোক আসবে।

খালিদ মাহমুদ বলেন, এক সময় বাংলাদেশ উন্নয়ন প্রকল্পের জন্য বহির্বিশ্বের অপেক্ষায় থাকতো। বাংলাদেশ এখন অন্য দেশকে ঋণ দেয়। সারাবিশ্ব করোনা মহামারিতে কুপোকাত হলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকে আমরা জয় করতে পেরেছি।