গাজীপুরের টঙ্গীতে সামিরুন নেছা (২৫) নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিক শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সন্নাষীভিটা গ্রামের ছামিদুল হকের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে গাজীপুরা এলাকায় আলী আকবর মিয়ার বাড়িতে বসবাস করে স্থানীয় একটি পোশাক কারখানা চাকরি করতেন। এ ঘটনার পর থেকে স্বামী ফজলুর রহমান ফরহাদ পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর আড়াইটায় মহানগরের গাজীপুরা এলাকার ভাড়া বাসা থেকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
ওসি শাহ আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল। গত দুই দিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছে। স্ত্রী সামিরুনকে সন্দেহ করতেন স্বামী। বুধবার রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে নিহতের স্বামী ফরহাদ বাইর থেকে দরজা লাগিয়ে চলে যান। বাড়ির আশপাশের লোকজন দুপুর হয়ে গেলেও সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে সামিরুনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গলায় নখের আঁচড়সহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামিরুনকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামী ফরহাদকে গ্রেফতারের চেষ্টা চলছে।