মুক্তিযুদ্ধকে ধারণ করে নতুন প্রজন্ম প্রগতিশীল বাংলাদেশ গড়বে: পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘গ্রেফতার হওয়ার আগে এক গোপন বার্তায় জাতির পিতার স্বাধীনতার ঘোষণা দেওয়ার ফলশ্রুতিতেই নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় আনতে পেরেছিলাম। সেই মর্ম বুকে ধারণ করে আমাদের আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করবে এবং একটা প্রগতিশীল বাংলাদেশ গড়বে।

শনিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি সময়ের দাবি করে তিনি বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস আমাদের গর্বের একটা দিন। কিন্তু ২৫ মার্চের গণহত্যার দিবসটি এখনও আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত না। এই দিবসের স্বীকৃতি এখন সময়ের দাবি।’

তিনি বলেন, ‘জাতির অন্যান্য দাবির মধ্যে অন্যতম ছিল যুদ্ধাপরাধীদের বিচার। সেটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পন্ন হচ্ছে। যুদ্ধাপরাধীদের এই বিচার চলমান থাকবে, ধাপে ধাপে সব যুদ্ধাপরাধীর বিচার হবে। একটি সুখী, সমৃদ্ধশালী, উন্নত বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, শেখ হাসিনার নেতৃত্বে সেটি পূর্ণ হবে।’