পিস হিসেবে কিনে কেজি হিসেবে বিক্রি করায় জরিমানা

পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করার দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়। রবিবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জের কাচারি এলাকায় হানিফ ফল ভাণ্ডার দোকানকে এক হাজার টাকা জরিমানা করে সতর্ক করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
 
তিনি বলেন, কাচারিতে ফলের দোকানগুলোতে অভিযানকালে দেখা যায়, অধিকাংশ দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। এছাড়া তরমুজ পিস হিসেবে বিক্রি করা হচ্ছে। হানিফ ফল ভাণ্ডারে দেখা যায় মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না এবং তরমুজ পিস হিসেবে কিনে ৪৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। প্রথমবার   দোকানটিকে এক হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

এছাড়াও পঞ্চসার এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়। পঞ্চসারের দুর্গাবাড়িতে রডের দোকান এসবি এন্টারপ্রাইজে অভিযানকালে দেখা যায় যে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। তাই দোকানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 

তিনি আরও জানান, একই দিনে একেকজন ভোক্তার নিকট বিভিন্ন দামে রড ও সিমেন্ট বিক্রি করা হচ্ছে যার ফলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দোকানে মূল্য তালিকাও টানানো নেই। এ কারণে দোকানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা।