টাঙ্গাইলের ভূঞাপুরে নেশার টাকা না পেয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রী সুমাইয়াকে (২১) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রুবেল হোসেনকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকালে ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আটক রুবেল ঘাটাইল উপজলার গৌরিশ্বর গ্রামের শুক্কর আলীর ছেলে। নিহত সুমাইয়া গোপালপুর উপজলার বরশিলা গ্রামের ইউসুফ আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, প্রায় একমাস আগে পৌর এলাকার ঘাটান্দির তারা তালুকদারের বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ থাকতেন হোটেল শ্রমিক রুবেল হোসেন। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। স্ত্রী সুমাইয়া বাসা-বাড়িতে কাজ করতেন এবং রুবেল শ্রমিকের কাজ করতেন। তাদের দেড় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
নিহত সুমাইয়ার মা শারমিন বেগম অভিযোগ করে বলেন, ‘রুবেল বিভিন্ন হোটেলে শ্রমিকের কাজ করতো। তবে সে কাজ করে আয় করা টাকা দিয়ে নেশা করতো। বিষয়টি নিয়ে প্রতিনিয়ত স্বামীর সঙ্গে সুমাইয়ার ঝগড়া হতো। মঙ্গলবার রাতে নেশার দ্রব্য কেনার টাকার জন্য সুমাইয়াকে চাপ দেয় রুবেল। সুমাইয়া টাকা দিতে অস্বীকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে রুবেল।’
বাসার মালিক তারা তালুকদার জানান, প্রতিনিয়ত তাদের দুই জনের মধ্যে ঝগড়া লাগতো। গভীর রাতে রুবেল ঘর থেকে বের হয়ে জানায় তার স্ত্রী মারা গেছে। পরে আশপাশের লোকজনকে খবর দেওয়া হয়। সকালে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।