কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে রোগীদের জন্য সরকারিভাবে সরবরাহকৃত ইনজেকশন পাচারে জড়িত থাকার অভিযোগে রাশেদা বেগম (৩০) নামে এক নারী কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে জেলা শহরের কৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর থানার ওসি খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার রাশেদা বেগম কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত কর্মচারী ও ইনজেকশন চুরির মামলার এজাহারভুক্ত আসামি। তার বাড়ি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামে। ওই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী তিনি। রাশেদা ও তার স্বামী হাসপাতাল এলাকার বস্তিতেও বসবাস করেন বলে জানা গেছে।
আরও পড়ুন: হাসপাতাল থেকে সরকারি ৩০০ ইনজেকশন পাচারকালে নারী আটক
গত ১৭ মার্চ ব্যাগভর্তি তিন শতাধিক সরকারি ইনজেকশনসহ শাহেদা বেগম নামে এক নারীকে হাতেনাতে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে আটক শাহেদা বেগম ও হাসপাতালের মাস্টাররোলে কাজ করা রাশেদার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। পাশাপাশি ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, রাশেদাকে গ্রেফতারের পর কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি। জবাবন্দিতে ওষুধ চুরির সঙ্গে জড়িতদের নামও উল্লেখ করেছেন।
ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘রাশেদা আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।’