নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ইফতার অনুষ্ঠানে খাবার নিয়ে কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় শহরের খানপুর চৌরাঙ্গি ফ্যান্টাসি পার্কে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ঘটনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সহ সাধারণ সম্পাদক মহসীন হোসেন বিদ্যুৎ প্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিথিদের সামনেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। কারণ ইফতারের আগে সব নেতাকর্মীদের হাতে খাবার সরবরাহ করতে পারেননি আয়োজকরা। এই অবস্থায় নেতাকর্মীদের অনেকে হুড়োহুড়ি করে খাবার সংগ্রহ করে। কর্মীদের দুই জন খাবার সংগ্রহ করতে আগে যাওয়া নিয়ে বাকবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে তাদের লোকজন বিবাদে জড়ায়। অবশ্য কোনও আহতের ঘটনা ঘটেনি। তবে অনেক নেতাকর্মী ইফতারের খাবার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করা একজন যুবদল কর্মী জানান, আজান হওয়ার পরও অনুষ্ঠানে আগত অধিকাংশ নেতাকর্মীর হাতে খাবার পৌঁছায়নি। এতে খাবার বিতরণস্থলে ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে সরবরাহকারীদের ওপর চড়াও হয় কর্মীরা। এ নিয়ে দুই কর্মীর লোকজনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। একে কেন্দ্র করে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির মতো ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ বলেন, ‘খাবার দিতে বিলম্ব হওয়ায় কর্মীদের মাঝে একটু কথা কাটাকাটি হয়েছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।’
তিনি আরও বলেন, নেতাকর্মীদের সংখ্যা বেশি হওয়ায় স্বেচ্ছাসেবকরা ঠিকভাবে সামলে উঠতে পারেনি। পরে অবশ্য আমরা তাদের শান্ত করেছি।