পদ্মা সেতুর নিচ দিয়ে রাতেও চলবে ফেরি

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে দীর্ঘ আট মাস পর রাতের বেলায়ও ফেরি চলাচল শুরু হয়েছে। এতে দীর্ঘ সময় পর পদ্মা সেতুর নিচ দিয়ে ফের রাতে বেলায় ফেরি চলাচল করবে। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত থেকে পরীক্ষামূলকভাবে এ ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা লাঘবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে পরীক্ষামূলক ফেরি চলাচল করেছে। বুধবার সকাল থেকে এই নৌপথে ২৪ ঘণ্টা ফেরি চলাচল অব্যাহত থাকবে।

পদ্মা বহুমুখী সেতুর প্রজেক্ট ম্যানেজার ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, আজ থেকে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু করা হয়েছে। এ ছাড়া পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচল করবে। তবে খুব সতর্কতার সঙ্গে। ফেরিগুলো শিমুলিয়া থেকে বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৪, ১৫ ও ১৬ নম্বর খুঁটির পাশ দিয়ে। বাংলাবাজার থেকে শিমুলিয়া আসবে সেতুর ১৯, ২০ ও ২১ নম্বর খুঁটির পাশ দিয়ে।

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা লাগার ঘটনায় গত বছরের ১৮ আগস্ট থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে দিনের বেলায় সীমিত আকারে হালকা যানবাহন নিয়ে ফেরি চলাচল করলেও রাতে  সম্পূর্ণ বন্ধ থাকে।

অন্যদিকে, যানবাহন ও যাত্রীর চাপ সামাল দিতে শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে চলাচলরত ফেরির বহরে মঙ্গলবার যুক্ত হয়েছে ফেরি ‘বেগম রোকেয়া’। বুধবার থেকে ‘ফেরি ফরিদপুর’ যুক্ত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে রাতে লঞ্চ চলাচলের সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফেরির পাশাপাশি ঘরমুখো মানুষ লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পাড়ি দিচ্ছেন।