বঙ্গবন্ধু সেতুতে একদিনে তিন কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৩ হাজার ১৫৭টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা। রবিবার (১ মে) বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার (৩০ এপ্রিল) সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত বাস, ট্রাক, পিকআপভ্যান,  মিনিট্রাকসহ এই পরিমাণ যানবাহন পারাপার হয়েছে। এতে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় যানবাহন পারাপার হয়েছে ২৬ হাজার ৯৬৮টি ও সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৬ হাজার ২৫৪টি। এই সময়ে সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ে মোট টোল আদায় হয়েছে তিন কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।

এদিকে, ঈদযাত্রায় এখন পর্যন্ত এ সড়কে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। তবে সেতুর পূর্বপাড়ে গাড়ির ধীরগতি রয়েছে। আবার মাঝে মধ্যে থেমে যাচ্ছে। ফলে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষদের।

এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, মহাসড়কে যানজট নেই। স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।

প্রসঙ্গত, গতকাল বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা।