পদ্মা সেতুর আরও ১৮ ল্যাম্পপোস্টে জ্বললো বাতি

পদ্মা সেতুর আরও ১৮টি ল্যাম্পপোস্টে বাতি জ্বলেছে। রবিবার (৫ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সেতুর ১৯ নম্বর পিলার থেকে ২৩.৫ নম্বর পিলার পর্যন্ত মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১৮টি ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে। রাতে সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‌‘পদ্মা সেতুর ল্যাম্পপোস্টের বাতি শনিবার থেকে পরীক্ষা শুরু হয়েছে। আজ ১৮টি পরীক্ষা করা হয়েছে। গতকাল ২৪টি পরীক্ষা করা হয়। মোট ৪২টি বাতি পরীক্ষা করা হয়েছে।’ সেতুর সব ল্যাম্পপোস্টের বাতি পরীক্ষা করতে আরও ৪-৫ দিন সময় লাগবে বলে জানান তিনি। 

সূত্র জানায়, সেতুজুড়ে ৪১৫টি ল্যাম্পপোস্টে বাতি স্থাপন করা হয়েছে। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আলোকিত হবে। বিদ্যুৎ সংযোগের জন্য মাওয়া প্রান্তে সেতুর প্রথম পিলার থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্তের কাজ শেষ করেছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনাল অফিস। 

অপরদিকে জাজিরা নাওডোবা প্রান্ত থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার সেতুতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। সেতু কর্তৃপক্ষের অনুরোধে গত ৩০ মে পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করেছে দুই জেলার পল্লী বিদ্যুৎ সমিতি। 

৪১৫টি ল্যাম্পপোস্টের মধ্যে মূল সেতুতে রয়েছে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথে (ভায়াডাক্ট) ৪৬টি এবং মাওয়া প্রান্তের ভায়াডাক্টে বসানো হয়েছে ৪১টি ল্যাম্পপোস্ট। গত ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট ও এর মধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে ক্যাবল টানা হয়েছে। গত বছর ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।