মালয়েশিয়ার কামপুং কেলেওয়াক এলাকা থেকে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন নুরকারমিলা বিনতে হামিদ। জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেমিকাকে ঘরে তুলে নিয়েছেন প্রেমিক জাহাঙ্গীর আলম। মসজিদে অনুষ্ঠিত বিয়েতে উপস্থিত হয়ে গ্রামবাসী নতুন বর-কনের জন্য দোয়া করেছেন। শুক্রবার (২২ জুলাই) রাতে গাজীপুর মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের জোলারপাড় মসজিদে এই বিয়ে হয়।
নুরকারমিলা বিনতে হামিদ বলেন, আমি মালয়েশিয়ার কামপুং কেলেওয়াক এলাকার বাসিন্দা। সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছি। গত ১৮ জুলাই ভালোবাসার টানে প্রেমিক জাহাঙ্গীর আলমের বাড়িতে আসি। এখানে এসে সবার ব্যবহারে আমি মুগ্ধ। জাহাঙ্গীর মালয়েশিয়া থাকার সুবাদে তার সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানান তিনি।
নুরকারমিলা বলেন, আমার মতে, বাঙালি ছেলে জাহাঙ্গীর খুব ভালো, সৎ ও দায়িত্বশীল। তাই শুধু সবচেয়ে ভালো বন্ধু না ভেবে তাকে জীবনসঙ্গী করেছি। বাংলাদেশে এসে তাকে বিয়ে করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শ্বশুরবাড়ির আতিথেয়তা ও ভালোবাসায় আমি মুগ্ধ। কিছু দিন বাংলাদেশে থেকে নিজ দেশে ফিরে জাহাঙ্গীরকে নিয়ে যেতে কাগজপত্র, ভিসা প্রসেসিং শুরু করবো। এ কাজ করতে তার কয়েক মাস সময় লাগতে পারে বলে জানান তিনি।
মালয়েশিয়ান তরুণীকে বিয়ের বিষয়ে জাহাঙ্গীর বলেন, ২০১৪ সালে মালয়েশিয়ায় যাই। সেখানে নুরকারমিলার সঙ্গে কাজ করতাম। পরে পরিচয় থেকে কথাবার্তা ও দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তিন বছর আগে দেশে ফিরেছি। করোনার কারণে আর মালয়েশিয়ায় যেতে পারিনি। তবে নুরকারমিলার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। ভালোবাসার টানে মনের মানুষটি বাংলাদেশে এলে পরিবার ও স্বজনদের সম্মতিতে তাকে বিয়ে করেছি।
এরআগে, ১১ জুলাই গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী কুমারভিটা এলাকার ইমরান খান নামে এক যুবকের সঙ্গে সম্পর্কের জেরে আমেরিকান তরুণী লিডিয়া লুজা খান বাংলাদেশে আসেন। পরে পরিবারের সম্মতিতে তারা বিয়ে করেন।